নিউজটি শেয়ার করুন

সিএমপির ১৬ থানার মামলা-জিডির তথ্য মিলবে এসএমএসে

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর থানাগুলোতে সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলা করলে মোবাইল ফোনে এসএমএসে তার তথ্য জানতে পারবেন বাদী।

‘সিএমপি বন্ধন’ নামের একটি আইডি থেকে স্বয়ংক্রিয় এসএমএস যাবে বাদীর মোবাইল ফোনে। নগরীর ১৬ থানা থেকে এই সেবা পাওয়া যাবে।

নতুন বছরের প্রথম দিন থেকে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করতে যাচ্ছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)।

বুধবার এক অনুষ্ঠানে এই সেবার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মুজিববর্ষে আধুনিক জনবান্ধব ও স্মার্ট ডিজিটাল পুলিশিং নগরবাসীর কাছে পৌঁছে দিতে দেশে প্রথম এ ধরনের এসএমএস সেবা চালু করা হয়েছে।

নগর পুলিশ প্রধান তানভীর বলেন, “মামলা কিংবা সাধারণ ডায়েরি করে সে সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে বাদীকে বারবার থানায় যেতে হয়। পাশাপাশি তদন্ত কর্মকর্তার নাম ও ফোন নম্বর নিতেও বাদীকে অনেক সময় ব্যয় করতে হয় থানায়।

“এ সেবা চালুর ফলে বাদী থানায় অপেক্ষা না করে চলে যেতে পারবেন। রেকর্ড হওয়ার সাথে সাথে তার কাছে স্বয়ংক্রিয়ভাবে এসএমএসের মাধ্যমে চলে যাবে মামলা কিংবা জিডির নম্বর, তদন্ত কর্মকর্তার নাম ও মোবাইল ফোন নম্বর। পাশাপাশি তদন্ত কর্মকর্তার মোবাইলেও স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে বাদীর নাম ও ফোন নম্বর।”

একইভাবে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলে বাদীকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে নতুন কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর।

সিএমপি কমিশনার জানান, মামলার শুরু থেকে শেষ পর্যন্ত বাদী স্বয়ংক্রিয়ভাবে এসএমএসের মাধ্যমে সব তথ্য পেয়ে যাবেন। তদন্ত শেষে আইও মামলায় অভিযোগপত্র, চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে তার তারিখ, নম্বর, ধারাও বাদীর মোবাইলে ফোনে চলে যাবে।

সফটওয়ারের মাধ্যমে চালু হওয়া এ সেবার ফলে মামলার পরিস্থিতি তদারকি কর্মকর্তাদেরও জানার সুযোগ থাকবে। যার মাধ্যমে বাদী তার মামলা সম্পর্কে তথ্য পাওয়ার পাশাপাশি তদন্ত কর্মকর্তারাও ঊর্ধ্বতনের কাছ থেকে  করণীয় তথ্য পাবেন।

সেবাটি মামলার তদন্তের গতিশীলতা বাড়ানোর পাশাপাশি তদন্ত কর্মকর্তার জবাবদিহিতা নিশ্চিত করবে। পাশাপাশি বাদী-তদন্ত কর্মকর্তা এবং তদারকি কর্মকর্তাদের মধ্যে সেতু বন্ধন তৈরি করবে বলে আশা সিএমপি কমিশনার তানভীরের।

তিনি বলেন, নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে এই এসএমএস সেবা দেওয়া হবে। সফটওয়্যারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রয়োজনীয় তথ্য বাদী ও তদন্ত কর্মকর্তার মোবাইলের পাশাপাশি জোনাল এসি অফিস ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয়ে মনিটরিং সার্ভারে চলে যাবে।

চট্টগ্রাম নগর পুলিশের নিজস্ব উদ্যোগে চালু হওয়া এসএমএস সেবার খরচ তাদের নিজস্ব টেলিযোগাযোগ খাত থেকে বহন করা হবে।

সিএমপির উর্ধ্বতন কর্মকর্তা ও থানার ওসিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।