সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালামসহ তার পরিবারের অধিকাংশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সাবেক সিডিএ চেয়ারম্যানের স্বজনরা নিশ্চিত করেছেন।
সাবেক সিডিএ চেয়ারম্যানের মা সৈয়দা মাবিয়া খাতুনসহ তিন নারী সদস্যকে নগরীর ইমপেরিয়াল হসপিটালে ভর্তি করানো হয়েছে।
জানা গেছে, সাবেক সিডিএ চেয়ারম্যানের পরিবারের মোট ১৮সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
ইম্পেরিয়াল হসপিটালে ভর্তি করানো অন্য দুজন হলেন আব্দুচ ছালামের ছোট ভাই সৈয়দ নজরুল ইসলামের স্ত্রী ও সৈয়দ তারেকুল ইসলামের স্ত্রী।
এ পরিবারের ভাইদের মধ্যে আব্দুচ ছালাম, সৈয়দ নুরুল ইসলাম, সৈয়দ তারেকুল ইসলামের করোনা শনাক্ত হয়েছে। সৈয়দ সিরাজুল ইসলাম কমু ও সৈয়দ নজরুল ইসলাম করোনামুক্ত রয়েছেন।
নগরীর মোহরা এলাকার এই একান্নবর্তী শিল্পপতি ও রাজনৈতিক পরিবারের তিন নারী সদস্য ছাড়া বাকিরা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
পরিবারের একাধিক সদস্যের শরীরে জ্বর দেখা দেওয়ায় তারা নগরীর ইমপেরিয়াল হসপিটাল ল্যাবে করোনা পরীক্ষায় এ পরিবারের ১৮সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়।
করোনা পজিটিভ হলেও আব্দুস ছালামসহ সবার শারীরিক অবস্থা ভালো আছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

