Site icon CPLUSBD.COM

সিনহা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল

সিপ্লাস প্রতিবেদক: টেকনাফের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -৪ এর বিচারক তামান্না ফারাহরর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

চূড়ান্ত প্রতিবেদন দাখিল শেষে তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান, দীর্ঘ মামলা রুজুর চার মাস আট দিনের মাথায় চূড়ান্ত প্রতিবেদন করা হলো। এই চূড়ান্ত প্রতিবেদনে তদন্ত সাপেক্ষে ১৫ জনকে অভিযুুুুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলো।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। র‌্যাবকে মামলাটির তদন্তভার দেয়া হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াক আলীসহ আট পুলিশ সদস্য এবং এপিবিএন এর তিন সদস্য ও স্থানীয় তিন ব্যক্তি।

ওসি প্রদীপ কুমার দাশ এবং তার প্রধান সহযোগী রুবেল শর্মা ছাড়া প্রধান অভিযুক্ত পরিদর্শক লিয়াকত আলীসহ ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

র‌্যাব সূত্র জানায়, তদন্তের দায়িত্ব পাওয়ার পর অত্যন্ত আন্তরিকতা ও সতর্কতার সাথে তদন্ত করা হয়েছে। এই তদন্ত কার্যক্রমে মামলার আসামীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বক্তব্য নেয়া হয়েছে। সব তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার, বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিত, টেকনাফ থানার কয়েকজন পুলিশ সদস্য ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের তিনজন এবং স্থানীয় তিনজনসহ মোট ১৪ জনকে অভিযুক্তের পর গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩ জুলাই ‘জাস্ট গো’ নামের একটি ইউটিউব চ্যানেলে ট্রাভেলস শো ডকুমেন্টারির শুটিংয়ের জন্য তিনজন সহযোগীসহ কক্সবাজারের নীলিমা রিসোর্টে ওঠেন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ। এই খবর পৌঁছায় টেকনাফের তৎকালীণ ওসি প্রদীপ কুমারের কাছে।

তখন থেকেই ওসি প্রদীপ অধীনস্থ পুলিশ সদস্যদের বলেন, ‘ভিডিও পার্টিকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, যেকোনো মূল্যে’। এরপর থেকেই সিনহাকে নজরদারিতে রাখেন পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিত।

৩১ জুলাই সকালে একটি আইনশৃঙ্খলা বাহিনীর ‘বৃক্ষরোপণ’ অনুষ্ঠান শেষে ওসি প্রদীপকে জানানো হয়, মেজর সিনহা রাশেদ প্রাইভেটকার নিয়ে টেকনাফের শামলাপুর পাহাড়ে গেছেন। এ সময় সোর্সের মাধ্যমে বাহারছড়া ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলী সিনহার প্রতি নজর রাখতে থাকেন।

ওইদিন রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসার পথে বাহারছড়া শামলাপুর পুলিশ চেকপোস্টে তল্লাশির নামে গাড়ি থেকে নামিয়ে মেজর (অব.) সিনহা মো. রাশেদকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

এ ঘটনায় ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে, যিনি সিনহাকে গুলি করেছিলেন। টেকনাফ থানার ওসি (বরখাস্ত) প্রধীপ কুমার দাশকে করা হয়েছে ২ নম্বর আসামি।

এজাহারে বলা হয়েছে, গুলি করার আগে লিয়াকত তার সঙ্গে ফোনে পরামর্শ করেছিলেন। ওসির ‘প্ররোচনা ও নির্দেশনাতেই’ লিয়াকত ঠাণ্ডা মাথায় সিনহাকে গুলি করে হত্যা করেন। পরে প্রধীপ ঘটনাস্থলে গিয়ে সিনহার ‘মুখমন্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় পায়ের জুতা দিয়ে আঘাত করে’ বিকৃত করার চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার তিন নম্বর আসামি করা হয়েছে টেকনাফ থানার এসআই দুলাল রক্ষিতকে, যিনি সিনহার মৃত্যুর পর মাদক ও অস্ত্র আইনে মামলা করেন। এরপর অভিযুক্ত সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তদন্তে নেমে র‌্যাব হত্যার ঘটনায় স্থানীয় তিনজন ছাড়াও এপিবিএন এবং প্রদীপৈর দেহরক্ষীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে।