নিউজটি শেয়ার করুন

সিপ্লাস-এ সংবাদ প্রকাশের পর অভিযান, জেলি ও রঙ মিশ্রিত মাছ জব্দ

আনোয়ারা প্রতিনিধি : “সতেজ দেখাতে সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে রঙ, বিক্রি হচ্ছে হাটবাজারে” এমন শিরোনামে সিপ্লাসবিডিডটনেট এ সংবাদ প্রকাশিত হওয়ার পর আনোয়ারায় অভিযান চালিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক।

বৃহস্পতিবার (৪ মার্চ) অভিযান চালিয়ে সকাল ৭টার দিকে কালাবিবি দিঘির আড়তের সামনে থেকে ১শত২০ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি, দুপুর ১২টার দিকে চাতরী চৌমুহনী বাজারে বাগদা চিংড়ি ৫ কেজি ও রঙ মিশ্রিত পোপা মাছ ১৫ কেজি জব্দ করা হয়৷

আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক জানান, কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন জাতের সামুদ্রিক মাছে বিষাক্ত রঙ মিশিয়ে বাজারে বিক্রি করতেছে। এমন খবর নিউজমাধ্যমে দেখে উপজেলার বাজারে অভিযান চালানো হয়। এসময় জেলি ও রঙ মিশ্রিত মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। অভিযান চলাকালীন অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় আটক বা জরিমানা করা হয়নি।

তিনি আরও বলেন, জেলি ও রঙ মিশ্রিত মাছ মানবদেহের জন্য ক্ষতিকর। যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আনোয়ারায় সমুদ্রে ধরা পড়া বিভিন্ন মাছে বিষাক্ত রঙ মেশাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা। আর এসব রঙ মেশানো সামুদ্রিক নানা প্রজাতির মাছ বিক্রির জন্য নেওয়া হচ্ছে হাটবাজারে। মাছকে সতেজ রাখতে এ রঙ মেশানো হচ্ছে বলে জানা যায়।