নিউজটি শেয়ার করুন

সিভাসুতে এশিয়ার প্রথম জিরাফের কঙ্কাল

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) কাচের তৈরি একটি ঘরে গলা উঁচু করে দাঁড়িয়ে আছে সবচেয়ে লম্বা প্রাণি জিরাফ। তবে রক্ত-মাংসের জীবন্ত নয়। পুরোটায় কঙ্কালের। দুই বছর আগে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় মারা যাওয়া চৌদ্দ ফুট লম্বা একটি জিরাফের হাড়গুলো জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে এই অবয়ব।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এনাটমি মিউজিয়ামের জন্য কয়েকমাস আগে কঙ্কালটি তৈরি করা হয়।

তবে করোনা পরিস্থিতির কারণে এতোদিন ‘বস্তা বন্দি’ ছিলো এটি। দীর্ঘ অপেক্ষা শেষে গতকাল (শনিবার) উদ্বোধন করা হয় জিরাফের এই কঙ্কাল। সিভাসু কর্তৃপক্ষ বলছে- যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশের এনাটমি মিউজিয়ামে জিরাফের কঙ্কাল নেই। বিশ্বের তৃতীয় এবং এশিয়ার মধ্যে প্রথম কোনো দেশ হিসেবে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান সিভাসু এনাটমি মিউজিয়ামে জিরাফের এই কঙ্কাল স্থাপন করা হয়েছে।

সিভাসুর ইউসুফ চৌধুরী ভবনের নিচতলায় স্থাপিত এই কঙ্কালের মাধ্যমে এনাটমি গবেষণায় সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে মনে করছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, এনাটমি মিউজিয়ামে ছোট-বড় অনেক প্রাণির কঙ্কাল থাকলেও লম্বা উচ্চতার কোনো প্রাণির কঙ্কাল এতোদিন ছিলো না। জিরাফের কঙ্কাল স্থাপনে সেই শুন্যতা পূরণ হয়েছে। সিভাসুর এনাটমি মিউজিয়ামের তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান পূর্বকোণকে জানান, পৃথিবীর অনেক দেশের এনাটমি মিউজিয়ামে স্ট্রাপ (চামড়াসহ সংরক্ষণ) করা জিরাফ থাকলেও কঙ্কাল খুব বেশি নেই। যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় আছে শুধু। এশিয়ার মধ্যে প্রথম প্রতিষ্ঠান হিসেবে সিভাসুর এনাটমি মিউজিয়ামে আমরা এই কঙ্কাল স্থাপন করেছি।

সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, ঢাকার জাতীয় চিড়িয়াখানায় কয়েক বছর আগে একটি জিরাফ মারা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিনামূল্যেই জিরাফের মরদেহটি নিই আমরা। প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে আমাদের গবেষকরা জিরাফের কঙ্কাল তৈরি করেন। এখন সেটি সিভাসুর এনাটমি

মিউজিয়ামে স্থাপন করা হয়েছে। সিভাসু উপাচার্য বলেন, মাত্র ৫ লাখ টাকা খরচ করে অমূল্য এই কঙ্কালটি স্থাপন করেছি আমরা। দেশের বাইরে থেকে জিরাফের হাড় এনে এরকম কঙ্কাল তৈরি করলে প্রায় কোটি টাকা খরচ হতো। সিভাসুতে স্থাপন করা জিরাফের এই কঙ্কালের মাধ্যমে এনাটমি গবেষণায় সম্ভাবনার নতুন দুয়ার খুলবে। এ ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছাতে পারবে বাংলাদেশ। জিরাফের কঙ্কালটির ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনও সিভাসুর এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন। সচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞান সৃষ্টি এবং সে জ্ঞানকে সমাজে ছড়িয়ে দেওয়া। সিভাসু গবেষণা এবং জ্ঞানসৃষ্টি ছাড়াও রাষ্ট্রের প্রয়োজনে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভাসুর মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আবছার খান এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন। অতিথি ছিলেন চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক।

সভাপতিত্ব করেন সিভাসুর পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মো. আশরাফ আলি বিশ্বাস।