উত্তর সিরিয়ায় কুর্দিশ ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযানে সীমান্তবর্তী শহর রাস আল আইন নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তুরস্ক। তুর্কি সমর্থিত সিরিয়ার বিদ্রোহীরা ওই অঞ্চলটি দখলে নিয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাতভর বোমা হামলার পর শনিবার সকালে ওই শহর নিয়ন্ত্রণে নিয়েছে তারা।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর পূর্ব সিরিয়ার রাস আল-আইন শহরটির ওপর কামানের গোলা বর্ষণ করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আকাশে উঠছে ধোঁয়ার কুণ্ডলী। শোনা যাচ্ছে প্রচন্ড গোলাগুলির শব্দ । তুরস্কের যুদ্ধবিমানগুলো আকাশে চক্কর দিচ্ছে।
কুর্দি মিলিশিয়াদের হটিয়ে নিরাপদ অঞ্চল নিশ্চিত করার লক্ষ্যে বুধবার থেকে উত্তর-পূর্ব সিরিয়ায় অভিযান শুরু করে তুরস্কের সেনাবাহিনী।
বুধবার ভোরের দিকে তুর্কি সেনাবাহিনীর অগ্রবর্তী দলগুলো তাল আবায়াদ ও রাস আল-আইন শহরের দুটি পয়েন্ট দিয়ে সিরিয়ায় ঢোকে বলে তুরস্কের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ব্লুমবার্গ।
এরপর থেকে বিমান হামলা চালানোর পাশাপাশি তাদের সেনাবাহিনী ও তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীরা তেল আবায়াদ ও রাস আল-আইনের ৪টি পয়েন্ট দিয়ে সীমান্ত অতিক্রম করে।
চলমান অভিযান বিমান হামলা ও স্থল অভিযান জোরালো করেছে তুরস্ক। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা বেশ কিছু লক্ষ্যবস্তু দখল করেছে।
এছাড়া সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলে তুমুল লড়াই চলছে। অভিযান শুরুর পর বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করেছে হাজার হাজার মানুষ।








