সিপ্লাস প্রতিবেদক: নগরীর খুলশী এলাকা থেকে গ্রেফতার সিরিয়া ফেরত জঙ্গি সাখাওয়াত আলীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার(১২জুন) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতেৱ ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন কোর্ট প্রসিকিউশন শাখর উপপরিদর্শক (সিএসআই) আফসার উদ্দিন রুবেল বলেন, আদালতে সাখাওয়াত আলীর ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে কাউন্টার টেররিজম ইউনিট হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে শুক্রবার রাতে নগরের দক্ষিণ খুলশী এলাকায় একটি মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এসময় তার কাছে বিভিন্ন জিহাদি বই ও ইলেকট্রনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
সাখাওয়াত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তথ্যপ্রযুক্তিবিষয়ক শাখার কর্মী।
তাকে গ্রেপ্তারের পর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট উপপরিদর্শক (এসআই) রাছিব খান বাদী হয়ে খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালে ভায়রাভাই মো. আরিফ মামুনের মাধ্যমে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত হন সাখাওয়াত। সংগঠনের নেতা চাকরিচ্যুত মেজর জিয়াসহ অন্যদের মাধ্যমে জিহাদি কার্যক্রমে জড়িয়ে পড়েন তিনি। এরই অংশ হিসেবে ২০১৭ সালে আরিফ তুরস্কে যান। সেখান থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে সিরিয়ায় গিয়ে জঙ্গি নেতা হায়াত তাহরির আশরাকের কাছ থেকে ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেন। সিরিয়ার ইদলিব এলাকায় ছয় মাস প্রশিক্ষণ নেন। পরে সিরিয়া থেকে ইন্দোনেশিয়ায় আসেন। সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে আবার ইন্দোনেশিয়ায় যান। গত মার্চে তিনি দেশে ফিরে আসেন।








