সিপ্লাস ডেক্স: সিলেটের বালাগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাজা মিয়া (৩৬) নামে এক সৌদি প্রবাসীকে আটক করেছে পুলিশ। আটক রাজা মিয়া একই এলাকার ছফি মিয়ার ছেলে।
রোববার রাত ১০টার দিকে উপজেলার বড়চর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বালাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তুরণ মিয়া জানান, বিগত প্রায় ৩-৪ বছর ধরে বড়চর গ্রামের রাজা মিয়ার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছে পার্শ্ববর্তী বাড়ির এক কিশোরী। ২৫ সেপ্টেম্বর বিকালে সৌদি প্রবাসী বিবাহিত রাজা মিয়া তার নিজ ঘরে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে ভিকটিম ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। রোববার বিকালে ভিকটিম ওই কিশোরীসহ তার বাবা-মা আমাকে ঘটনাটি অবগত করেন। এরপর বালাগঞ্জ থানায় গিয়ে তারা পুলিশকে ঘটনাটি জানান। তারপর বালাগঞ্জ থানা পুলিশ, আমি ও ইলাশপুর বাজার বণিক সমিতির সভাপতি মসই মিয়া রাজা মিয়ার বাড়িতে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজা মিয়া ঘরের প্রবেশগেইট তালাবদ্ধ করে রাখেন। এ সময় গ্রামের লোকজন সেখানে জড়ো হন। পরে গেটের তালা খুলে দেয়া হলে রাত ১০টার দিকে অভিযুক্ত রাজা মিয়াকে আটক করে পুলিশ।
বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, ভিকটিমকে জিজ্ঞাসাবাদ ও তার জবানবন্দি নেয়া হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

