নিউজটি শেয়ার করুন

সিসিইউ থেকে কেবিনে ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালের পরে তাকে কেবিনে নেওয়া হয়।

বিষয়টি জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, তিনি সুস্থ আছেন। চিকিৎসকরা তাকে দুইদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। কফ, ফুসফুস পরীক্ষা, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা করা হয়।

চিকিৎসকরা জানান, তার ফুসফুসে একটু ইনফেকশন ধরা পড়েছে, বাকি সব ঠিক আছে। পরে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মূলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যান ওবায়দুল কাদের। অফিসে প্রবেশ করার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই তিনি বিএসএমএমইউ-এ চলে যান চিকিৎসা নেওয়ার জন্য।