যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের ব্যস্ত এলাকায় এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে এক নারী নিহত ও শিশুসহ অন্তত ৭জন আহত হয়েছে।
বুধবার স্থানীয় সময় বিকাল ৫টার কিছু সময় পর এ গুলির ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
ঘটনাস্থল থেকে পলাতক বন্দুকধারীকে ধরা যায়নি বলে জানিয়েছে পুলিশ। হামলার উদ্দেশ্য কী, তাও স্পষ্ট হওয়া যায়নি।
ঘটনার সময়কার এক ভিডিও ফুটেজে পাইন স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউর নিকটবর্তী ফুটপাতের দিকে পুলিশ কর্মকর্তাদের ছুটে যেতে দেখা গেছে।
সিয়াটলের দমকল বিভাগ ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছে বলে জানিয়েছে। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে হারবারভিউ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় বলেও জানিয়েছে তারা।
আহতদের মধ্যে এক নারীর অবস্থা সঙ্কটাপন্ন এবং নয় বছর বয়সী একটি শিশুর আঘাত গুরুতর; বাকিদের অবস্থা সন্তোষজনক বলে মেডিকেল সেন্টারটির এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে সিয়াটল টাইমস।
হতাহতদের বুক, পেট, নিতম্ব ও পায়ে গুলি লেগেছে, জানিয়েছে তারা।
কাছাকাছি এলাকার একটি কফি দোকানে কাজ করা টেইলর পারসন ঘটনার সময় হতাহতদের আচমকা মাটিতে পড়ে যেতে দেখেন বলে সিয়াটল টাইমসকে জানান। ভীতসন্ত্রস্ত অনেকে দৌড়ে তার দোকানেও আশ্রয় নেয়।
“গুলির ঘটনা তাৎক্ষণিকভাবে সবাইকে আতঙ্কিত করে তুলেছিল,” বলেন টেইলর।
এ নিয়ে দুই দিনেরও কম সময়ের ব্যবধানে সিয়াটলের কেন্দ্রস্থলে তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটল।
বুধবার যে স্থানে হামলা হয়েছে তার সামান্য দূরত্বে মঙ্গলবার আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন; ওই হামলার পরও বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।








