কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে বিলুপ্ত প্রজাতির একটি কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।
রবিবার রাতে উপজেলার বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক স্টাফ কোয়ার্টারের সামনে থেকে কিং কোবরা উদ্ধার করে বন বিভাগ।
সোমবার বিকালে গভীর পাহাড় অরণ্যে অবমুক্ত করা হয়।
জানা যায়, কিং কোবরা সাপটি রবিবার রাত ১২ টার সময় একটি নারিকেল’ গাছের ওপরে থাকা গুই সাপের বাচ্চা শিকার করতে গাছের নিচে অবস্থান নেয়। বিষয়টি লক্ষ করে স্টাফ কোয়াটারের মালি শেখ রায়হান।
তিনি বলেন, কিং কোবরাটি গাছের ওপরে উঠে গুইসাপের বাচ্চা ধরে নিচে নিয়ে আসে। এরপর গুইসাপের বাচ্চাটি পুরোপুরি গিলে ফেলে সে। পরে সাপটিকে ধরে একটি বস্তায় বন্দি করে ফেলি।
এব্যাপারে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্বরত বন বিভাগের রেঞ্জ অফিসার মোহাম্মদ আলমগীর জানান, উদ্ধারের পর সাপের ছবি গবেষণা ইন্সটিটিউটে পাঠালে এটাকে কিং কোবরা বলে শনাক্ত করে রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তারা।
বিষয়টি বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের পরিচালক মিজানুর রহমানকে অবগত করলে তিনি এটিকে গভীর অরণ্যে অবমুক্ত করার নির্দেশনা প্রদান করেন।

