কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডে পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ১১ জন আহত হয়েছে। সোমবার পৃথক সময়ে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্নস্থানে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর বারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুরস্থ মদনহাট এলাকায় ঢাকামুখী হানিফ পরিবহণের বাসচাপায় জাবেদ চৌধুরী (৩০) নামে স্থানীয় শীতলপুর স্টিল মিলের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার এলাকার বাসিন্দা। নিহত জাবেদ মোটরসাইকেল যোগে কর্মস্থলে আসার সময় মদনহাট এলাকায় হানিফ পরিবহণ ও লোকাল ৮নং বাসের মধ্য দিয়ে অতিক্রম করছিল। এ সময় গাড়ি দুটির মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
অপরদিকে দুপুর দেড়টার সময় উপজেলার বড় কুমিরা বাইপাস সড়কে একটি যাত্রীবাহী বাসের পিছন দিকে একটি লরি ধাক্কা দিলে বাসের হেলপার মোহাম্মদ হারুন (৩৭) ঘটনাস্থলে মারা যান। তিনি উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকার হাসানের ছেলে। কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছলিমপুর ফকিরহাট এলাকায় সাবেক সাংসদ মরহুম আবুল কাসেম মাস্টার বাড়ির সামনে ঢাকামুখী একটি মাইক্রোবাস একইমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। এই মাইক্রোবাস চাপায় ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়।
একইভাবে বিকেল সাড়ে ৪টার সময় মহাসড়কের কুমিরা এলাকায় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস অপর একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা ১১ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হচ্ছেন রাকিব হোসেন(২১), পিতা মফিজ। আলমগীর, পিতা মৃত বারেক মিয়া। মাসুম মিয়া(১৭), পিতা জাহাঙ্গীর আলম। মোমেন( ১৪), পিতা এলু মিয়া। মোঃ সজীব (১৭), পিতা জামশেদ মিয়া। আরমান (২২), পিতা আবুল কাসেম। মোঃ ইমন( ১৬), পিতা মোঃ জাহিদ। মোবারক (২২), পিতা মোহাম্মদ উল্লাহ। রাকিব (১৭), পিতা আজম মিয়া। মোঃ স্বপন (২৬) পিতা-অজ্ঞাত এবং সোহারাব হোসেন (৩০), পিতা আতের মিয়া।তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চাগা গ্রামে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পৃথক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এসব ঘটনায় ১১ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে থানায় এনে রাখা হয়েছে।

