Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডের সোহেল হত্যার দুই আসামী পতেঙ্গা থেকে আটক

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত কোরবান আলী সোহেল হত্যা মামলার প্রধান আসমী মোঃ আবু জাফর (৩৪) ও শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৬ জুন) রাত ৯টায় নগরীর ইপিজেড থানার দক্ষিণ পতেঙ্গা খেজুরতলা থেকে তাদের আটক করা হয়।

জাফর উপজেলার পশ্চিম মুরাদপুরের ৪নং ওয়ার্ডের আবুল মনসুরের ছেলে শাহাব উদ্দিন একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, মামলার প্রধান আসামি জাফর ও তার সহযোগী সাহাব উদ্দীন পতেঙ্গা এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সেখানে রাতে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয়।

গত ১৯ মে (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌরসদরের পেশপাড়া নামক স্থানে উপজেলা পরিষদের সামনে উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মো.দেলোয়ার হোসেনের পুত্র সোহেল মোটরসাইকেল যোগে মুরাদপুর হাসনাবাদ তাঁর নিজ বাড়িতে যাওয়ার সময় দুর্বত্তরা তার গাড়ি পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা সিএনজি করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আটক আবু জাফরের বিরুদ্ধে ১০টি এবং সাহাব উদ্দীনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানা যায়। আটককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, সোহেল হত্যা মামলার ১২ আসামীর মধ্যে মোট ৪জনকে আটক করা হয়েছে। গতকাল সীতাকুণ্ড থেকে সাব্বির নামের এক আসামীসহ মোঃ আবু জাফর ও শাহাবুদ্দিনকে পতেঙ্গা থেকে র্যাব আটক করে।