নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে ইয়াবা ও গাঁজাসহ র‍্যাবের হাতে আটক মাদক সম্রাজ্ঞী মিনু

সীতাকুণ্ডের কুমিরা এলাকার মাদক সম্রাজ্ঞী মিনুয়ারা মিনুকে তার এক সহযোগীসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-৭। তার কাছ থেকে ৯৬৭পিস ইয়াবা এবং ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মিনু উপজেলার ছোট কুমিরাস্থ রহমতপুর গ্রামের জব্বারের বাড়ী নিবাসী ফজলুল রহমানের স্ত্রী।

আজ শুক্রবার (১৭ জানুয়ারী) সকাল ৭ টায় গোপর সংবাদের সূত্রে খবর পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে তাকে এক সহযোগীসহ আটক করে। এই বিষয়ে র‍্যাব- ৭ এর (এএসপি) কাজী মোহাম্মদ তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহন করছেন বলে জানান। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। দুপুরের পরে তাদের সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, উপজেলার ছোট কুমিরা মসজিদ্দা এলাকার বাসিন্দা মিনু আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। স্থানীয় এলাকাবাসী মিনুর বিরুদ্ধে বারবার থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। গত ২০১৪ সালের ১৪ আগষ্ট এলাকাবাসী স্থানীয় এমপি আলহাজ দিদারুল আলমের সাহায্য কামনা করলে তিনি মিনু আক্তারকে মাদক ব্যবসা ছাড়ার নির্দেশ দেন। কিন্তু মিনু এতে কর্ণপাত না করায় এমপি দিদার পুলিশ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মিনুর বাড়িতে উপস্থিত হন। এ সময় পুলিশসহ এমপিকে দেখে মিনু বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তার বাড়ি থেকে বেশ কিছু ইয়াবা ও মদ উদ্ধার করে পুলিশ।