নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ২

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দোকানের মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে।

রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এঘটনা ঘটে।

এঘটনায় ইফতেখারুল আলম রাসেল বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগের সূত্রে জানা যায়, পাক্কা মসজিদ এলাকার সাহাবউদ্দিন মার্কেট এর মালিকপক্ষ ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায়ের জন্য গেলে এমরান উদ্দিন ও জসিম উদ্দিনের নেতৃত্বে তাদের উপর হামলা করে। এতে মোঃ ইফতেখারুল আলম রাসেল ও যুনাইদুল আলম নামের দুইজন আহত হয়।

এসময় ইফতেখারুল আলম রাসেল ৯৯৯ ফোন করলে সীতাকুণ্ড থানা পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য প্রেরণ করেন বলে জানা যায়।

এব্যাপারে মার্কেট এর মালিক ইফতেখারুল আলম রাসেল জানান, ডেভেলপার কোম্পানী চলে যাওয়ার সময়ে মার্কেট টি আমাদের কাছে হস্তান্তর করে। আমাদের জায়গার কাগজপত্র আছে এবং প্রত্যেকটা ভাড়াটিয়ার সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে। ভাড়াটিয়াদের কাছ থেকে রশিদ মূলে আমরা ভাড়া গ্রহণ করি। এছাড়া বিদ্যুৎ মিটারও আমাদের নামে। কিন্তু এমরান দলীয় প্রভাব খাটিয়ে সে এই জায়গার মালিকানা দাবী করছে। গতকাল আমরা ভাড়ার জন্য আসলে এমরার দলবল নিয়ে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়।

এ ব্যাপারে জানতে চাইলে এমরান উদ্দিন জানান, আমার ভাই শামসুল আলম কুলসুমা খাতুন থেকে জায়গাটি পাওয়ার নেয়। পাওয়ার মূলে এই জায়গার মালিক আমরা। এখানে রাসেলের কোন কিছুই নেই। সে সন্ত্রাসী নিয়ে এসে আমাদের উপর হামলা করে।

এবিষয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ খাইয়ের হোসেন বলেন, ২০১৩ সাল থেকে মার্কেটটি রাসেলরা ভোগ দখলে আছে। গতকাল তারা ভাড়ার জন্য আসলে তাদের উপর এই হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই সাজিব জানান, ট্রিপল নাইনে ফোন করলে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ইফতেখারুল আলম রাসেল একটি লিখিত অভিযোগ দেন এ বিষয়ে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।