সিপ্লাস প্রতিবেদক: সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ব্যবসাকে কেদ্র করে স্থানীয় এক মেম্বার বাহিনীর হামলায় চার ব্যবসায়ী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শীতলপুর তেতুলতলা নামকস্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৭ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
তবে স্থানীয় ইউপি সদস্য ইয়াকুবের দাবি তার কোন বাহিনী নাই, হামলায় আহতরা ইয়ার্ডে চাঁদাবাজির চেষ্টা করছিলাে। আমি এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে খবর পেয়ে সেখানে গিয়ে তা প্রতিহত করেছি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর উপকূলে অবস্থিত আরব শিপ ব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজের পুরাতন মােটর টেন্ডারের মাধ্যমে ১’শ ৫২ টাকা কেজি দরে ক্রয় করছিলাে টেন স্টার সিন্ডিকেট নামে একটি প্রতিষ্ঠান।
টেন্ডারের শর্তানুসারে দুই লাখ টাকা অগ্রিম দেওয়া হয় ইয়ার্ড মালিককে। করোনা মহামারী ও চলমান লকডাউনের কারণে ক্রয়কৃত মালের বাজার মূল্য কমে যাওয়ায় তারা ইয়ার্ড মালিককে কেজি প্রতি কিছু ছাড় দিতে অনুরোধ করেন। কিন্তু ইয়ার্ড মালিক তাদের অনুরােধ না রেখে ২৭ টাকা কমে অপর এক ব্যবসায়ীর কাছে মাল বিক্রি করে দেয়।
এতে পূর্ব ব্যবসায়ীরা এর প্রতিবাদ জানান। সোমবার সন্ধ্যায় প্রতিবাদ জানানাে শেষে বেরিয়ে আসার সময় স্থানীয় মেম্বার ইয়াকুবের নেতৃত্বে একদল সস্ত্রাসী টেন স্টার সিন্ডিকটের সদস্য ব্যবসায়ী নুর মােহাম্মদসহ অন্যান্যদের উপর হামলা চালায়।
এতে জখম হন নুর মােহাম্মদ, সাহাব উদ্দিন, রুবেল ও নাজমুল হাসান। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও মুমূর্ষু অবস্থায় নুর মােহাম্মদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওখানে আইসিও খালি না থাকায় পরবর্তী বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে ব্যবসায়ী সাহাব উদ্দিন বলেন, ইয়ার্ড মালিক রুবেল ও তার ভাই সােহেলকে আমরা ক্রয়কৃত মালের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে কিছু টাকা কমাত অনুরোধ করেছিলাম। কিন্তু তারা তা না করে আমাদের অগ্রিম দেওয়া টাকা ফেরৎ না দিয়ে মালামালগুলাে মেম্বার ইয়াকুব বাহিনীর মনােনীত এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।
আমরা ইয়ার্ডে গিয়ে এর প্রতিবাদ জানিয়েছি। ইয়ার্ড থেকে বেরিয়ে আসার সময় মেম্বার ইয়াকুব ও তার সহযাগীরা আমাদের উপর এলােপাতাড়ি হামলা চালায়। এতে নুর মােহাম্মদসহ আমরা চারজন আহত হই। নুর মােহাম্মদর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় সাতজনকে আসামী করে মঙ্গলবার থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় মেম্বার ইয়াকুব বলেন, টেন স্টার সিন্ডিকেটের সদস্যরা ইয়ার্ডের বাইরে গাড়ি আটকিয়ে চাঁদা দাবি করছিলো। ওই সময় স্ক্যাপ জাহাজের মোটর ব্যবসায়ী লিটন বিষয়টি আমাকে স্থানীয় মেম্বার হিসাবে জানালে আমি ঘটনাস্থলে সুরাহা করতে যায়। চেষ্ঠারও কমতি ছিলোনা।
এসময় টেন স্টার সিন্ডিকেটের কয়েকজন সদস্য আমার উপর হামলার চালিয়ে চাঁদা না দিলে গাড়ি ছাড়বে না বলে হুমকি দেয়। এতে আমার ডান হাত ও মাথায় আঘাতপ্রাপ্ত হই। এর পরও আমি বিষয়টি সুরাহার চেষ্ঠা করে ব্যর্থ হই।
এরই মধ্যে তাদের অভ্যন্তরীন কোন্দোলে তাদেরই এক চাঁদাবাজ নুর মোহাম্মদ সামস্য আহত হন বলে শুনেছি।প্রকৃত পক্ষে আমার কোন বাহিনী বা সহযোগী অতীতেও ছিলো না বর্তমানেও নেই।
আরব শীপ ইয়ার্ডের মালিক মােহাম্মদ রুবেল বলেন, ওরা (আহত ব্যবসায়ীরা) ইয়ার্ডের বাইরে গাড়ি আটকিয়ে বিক্রিত মালের ৫০ পারসেন্ট কমিশন ছেয়েছিলাে।
এতে স্থানীয় ইয়াকুব মেম্বার বাঁধা দিলে তাদের সাথে মারামারি হয় বলে শুনছি। এ ঘটনায় একজন হাসপাতালের আইসিও তে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
সীতাকুণ্ড মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








