সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সাগর উপকুল থেকে ১৩ বছর বয়সী এক শিশু কন্যার অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর উপকূলে ভেসে আসে লাশটি। ধারনা করা হচ্ছে-শিশুটি নোয়াখালীর ভাসানচর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া রোহিঙ্গা দলের সদস্য।
স্থানীয়রা জানান, সাগর ভাসমান একটি কন্যা শিশুর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
লাশ উদ্ধার করতে যাওয়া সীতাকুণ্ড মডেল থানার এসআই আশরাফ জানান, ভেসে আসা লাশের মুখমন্ডল ক্ষতবিক্ষত থাকায় চেনা যাচ্ছেনা। ধারনা করা হচ্ছে গত শুক্রবার নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে নৌকাযোগে পালানোর সময় ৪১ জন রোহিঙ্গা যাত্রীবোঝাই একটি নৌকা সাগরে ডুবে যায়। সেই সদস্য হতে পারে ওই শিশু কন্যা। লাশটি উদ্ধার করে কোষ্টগার্ডের মাধ্যমে ভাসানচরে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী।
তিনি বলেন, সকালে একটি লাশ ভেসে আসলে সীতাকুণ্ড থানার পুলিশ সেটি উদ্ধার করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।








