সীতাকুণ্ড প্রতিনিধি: কঠোর লকডাউনের মধ্যেও জরুরী পরিসেবার আওতায় হাই-ভোল্টেজ ক্যাবল তার পরিবহনের আড়ালে ট্রাকে করে গাঁজা পাচারকালে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে আনুমিক ৩ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক((চট্ট মেট্রো ট ১১৬৯৭৯) জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার ভাটিয়ারী উত্তর বাজার এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ একটি ট্রাক আটক করে।
এসময় ট্রাকে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার এবং তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং ট্রাকটিও জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে- জঙ্গল ভাটিয়ারীর আলী আকবরের পুত্র মোহাম্মদ আলী হোসেন,(২৮), কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের মৃত শহিদ মিয়ার পুত্র বেলাল(৩০) এবং সন্দ্বীপ থানার মুছাপুর ইউনিয়নের মফিজুর রহমানের পুত্র মোহাম্মদ জাহিদ(২০)।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি( তদন্ত) সুমন বনিক বলেন, র্যাব-৭ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক তিনজনকে থানায় হস্তান্তর করেছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।








