সিপ্লাস প্রতিবেদক: করোনার দুর্যোগের মধ্যে শোকাবহ আগস্টের কর্মসূচি সংক্ষিপ্ত পরিসরে পালন করবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
শনিবার রাতে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, কোভিড -১৯ সংক্রমণের কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন ও জীবিকার চাকাকে সচল রেখে অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন এবং প্রত্যেকের জন্য করোনা প্রতিষেধক টিকা প্রয়োগ নিশ্চিত করে করোনা অতিমারি সংকট উত্তরণে জাতিকে শুভ বার্তা দিয়েছেন। তাই আগস্ট মাসে জাতীয় শোক দিবসসহ অন্যান্য পালনীয় দিবসগুলো কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মেনে পালন ও উদযাপন করার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা আমাদেরকে অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে।
সভার সিদ্ধান্ত অনুসারে, ৫ অগাস্ট শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে খতমে কোরআন- দোয়া মাহফিল ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং ৮ অগাস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে খতমে কোরআন-দোয়া মাহফিল ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।








