Site icon CPLUSBD.COM

উচ্চ আদালতে রায় অচিরেই বাংলায় দেয়া হবে- প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

সিপ্লাস ডেস্ক: সুপ্রিমকোর্টের রায় অচিরেই বাংলায় দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আর এ বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

রোববার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

প্রধান বিচারপতি বলেন, অচিরেই সুপ্রিমকোর্টের রায় বাংলায় দেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করা হয়েছে। এ বিষয়ে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।

বাংলায় রায় দেয়ার জন্য গেল বছর (২০২০ সাল) ডিসেম্বর থেকে একটি সফটওয়্যার ব্যবহার শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সেখানে সুপ্রিমকোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরা আরও গুছিয়ে নেব।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন আপিল বিভাগ ও হাইকোর্টে বিভাগের  বিচারপতিগন।

গত ১৮ ফেব্রুয়ারি এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘আমার ভাষা’ নামে সফটওয়্যার উদ্বোধন করেন প্রধান বিচারপতি। সফটওয়্যারটি তৈরি করেছে একস্টেপ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, যাদের মূল ‘অনুবাদ’ সফটওয়্যারটি ভারতে একইভাবে ইংরেজি থেকে বাংলাসহ অন্যান্য ভারতীয় ভাষায় অনুবাদ করার জন্য ব্যবহৃত হয়।