নিউজটি শেয়ার করুন

সেই নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির অনুদানে  মা ও শিশু হাসপাতালে স্থাপিত হচ্ছে পিসিআর ল্যাব

সিপ্লাস প্রতিবেদক : মানবিকতার আরেক দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে।

প্রায় কোটি টাকা ব্যয়ে স্থাপিত হচ্ছে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব।

এই ল্যাব স্থাপনের জন্য অনুদান দিয়েছেন এক ব্যবসায়ী। কিন্তু নিজের নাম প্রকাশে একেবারেই অনিচ্ছা প্রকাশ করে দিয়েছেন জাগ্রত বিবেকের পরিচয়। নজির দেখিয়েছেন অন্য রকম পুণ্যের।

হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আজীবন সদস্য উল্লেখ করে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার ডা. রেজাউল করিম আজাদ সিপ্লাসকে জানান, চট্টগ্রামের বাসিন্দা নন। ঢাকার একজন বনেদি ব্যবসায়ী বন্ধুত্বের সূত্রে প্রস্তাব দেন করোনা দুর্যোগে তিনি এগিয়ে আসতে চান। পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রথমে তিনি ৮০ লাখ টাকার অনুদান প্রদান করেন। এরপর প্রদান করেন আরও ১০ লাখ টাকা। মোট ৯০ লাখ টাকা অনুদান পাওয়ার পর গত শনিবার (১৩ জুন) আমরা পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ওয়ার্কওডার জারি করি। এ ক্ষেত্রে আমাদের ব্যয় হচ্ছে ৮৯ লাখ ২০ হাজার টাকা। আরও ৮০ হাজার টাকা আমাদের উদ্বৃত্ত থাকবে। কয়েকদিনের মধ্যে বিভিন্ন সরঞ্জাম আসা শুরু হবে। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ ল্যাব চালুর হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের অনুমোদনের বিষয় রয়েছে। আমরা আশা করবো অনুমোদনের প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মহলের সার্বিক সহযোগিতা থাকবে। ল্যাব স্থাপনের পর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে প্রতিদিন ৪০০ জনের করোনার নমুনা পরীক্ষা করা যাবে। তাছাড়া আমরা কয়েকদিনের মধ্যে করোনা চিকিৎসায় আরও একটি ব্লক চালু করছি। যাতে আর প্রায় ৫০ জন রোগীর চিকিৎসা সুযোগ সৃষ্টি হবে।