নিউজটি শেয়ার করুন

সেই মঞ্জুর শাহরিয়ার এবার ধারাবাহিক নাটকে

বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনায় আসেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এবার ভোক্তা সচেতনতায় নির্মিত ধারাবাহিক নাটক ‘ভোক্তার অধিকার’ এ দেখা যাচ্ছে তাকে।

‘সারা বাংলায় নিশ্চিত হবে ভোক্তার অধিকার’ প্রতিপাদ্যে সাধারণ ভোক্তাদের মাঝে জনসচেতনতা সৃষ্টির জন্য ৩৬ পর্বের এ ধারাবাহিক নাটকটি রচনা করেন হাসান হাফিজুর রহমান। পরিচালনায় রয়েছেন কামরুল হাসান সুজন।

ভোক্তা অধিকার বিষয়ে বাস্তব ঘটনার সঙ্গে নানা গল্প যুক্ত করে নাটকটি নির্মাণ করা হয়েছে বলে সময় নিউজকে জানিয়েছেন এর পরিচালক কামরুল হাসান সুজন।

নাটকে বিভিন্ন অভিযোগ, অভিযোগের নিষ্পত্তি, অভিযোগের নিয়ম, ভোক্তা অধিকার লঙ্ঘনের সুফল-কুফল ইত্যাদি বিষয় ফুটিয়ে তোলা হয়েছে।

নাটকে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার ছাড়াও পেশাদার শিল্পীরা রয়েছেন। তাদের মধ্যে অন্যতম; শাহেদ শরীফ খান, আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, শামীম জামান, নিলয় আলমগীর, আফজাল কবির, শিশির আহমেদ, তমাল মাহাবুব, তানভীর মাসুদ, আফজাল শরীফ, কাজী উজ্জ্বল, শফিক খান দিলু, দ্বিপক কর্মকার, বৈদ্যনাথ, নাসিমুল ইসলাম নাসিম, সিরাজুল ইসলাম, শামীম, মৌসুমী নাগ, নাদীয়া নদী, এ্যানি খান, নাদীয়া মিম, ফারজানা রিক্তা, জান্নাতুল সুমাইয়া হিমি, নুসরাত পাপিয়া, মানষী প্রকৃতি, শামীমা তুষ্টি, শিখা মৌ, রেশমী, সাহেলা, মিনু মমতাজ, ইরা হাসান।

অনলাইন শপিংমল ‘ই-ভ্যালি’ নিবেদিত ধারাবাহিক নাটকটি বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভিতে প্রতি শনি, রবি ও সোমবার, রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে।