সিপ্লাস প্রতিবেদক: টেকনাফ থানাধীন সেন্টমার্টিন্স ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় সমুদ্রপথে মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করার সময় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড এর স্টেশন কমান্ডার (সেন্টমার্টিন্স) লেঃ কমান্ডার মীর ইমরানুর রশীদ জানান, সমুদ্রপথে মায়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার করার গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে মায়ানমার সীমানা হতে ১ টি কাঠের নৌকা (মগের বোট) বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়।
নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি থামার সংকেত দিলে গতিবিধি পরিবর্তন করে মায়ানমার সীমানার দিকে ফিরে যেতে শুরু করে। কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করলে এক পর্যায়ে তারা একটি কালো রং এর পলিথিন ব্যাগ পানিতে ফেলে দিয়ে দ্রুত মায়ানমার সীমান্তে প্রবেশ করে পালিয়ে যায়।
এসময় পানি হতে কালো পলিথিনে মোড়ানো ব্যাগটি উদ্ধার করা হয়এবং পরবর্তীতে ব্যাগটি তল্লাসি করে ১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।








