সিপ্লাস ডেস্ক: সেলফ কোয়ারেন্টিনে থেকেই রোজা পালন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রমজান শুরুর আগে শুক্রবার সাংবাদিকদের একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খোঁজ নিয়ে জানা গেছে, খালেদা জিয়া নিয়মিত দুই পুত্রবধূ, নাতনিদের সঙ্গে টেলিফোনে কথা বলেন, কোরআন তিলাওয়াত, তাজবিহ পাঠসহ বই পড়ে সময় কাটাচ্ছেন।
গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় উঠেন অসুস্থ খালেদা জিয়া। বাসার দোতলায় চিকিৎসকদের পরামর্শক্রমে তিনি ১৪ দিন কোয়ারেন্টিনেই ছিলেন। ওই ১৪ দিন শেষ হওয়ার পর থেকে এখন তিনি সেলফ কোয়ারেন্টিনেই আছেন। লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান তার চিকিৎসার সব কিছু তত্ত্বাবধায়ন করছেন।
৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রিউমাটয়েড আর্থারাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভোগছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এজেএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের শারীরিক অসুস্থতাটা পূর্বের মতোই আছে। এটা বিভিন্ন কারণে হচ্ছে। হাত-পায়ের ব্যথা আগের মতোই আছে। আজকে হয়ত একটু ভালো থাকে আবার কালকে প্রচণ্ড ব্যথা থাকে। ব্যথা উপশমের জন্য থ্যারাপি দেয়া হচ্ছে। উনার ডায়াবেটিস বেশ অনিয়ন্ত্রিত।








