নিউজটি শেয়ার করুন

সৈকতে ভেসে এলো দু’টি মৃত ডলফিন

সিপ্লাস ডেস্ক: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৭ ফুট ও ৩ ফুট দৈর্ঘ্যের দু’টি মৃত ডলফিন ও একটি রাজ কাকড়ার মৃতদেহ।

সৈকতের গঙ্গামতির ঝাউবাগান ও ধোলাই মার্কেট পয়েন্টে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মৃত ডলফিন দু’টি ভেসে আসতে দেখে স্থানীয়রা।

জেলেদের ধারণা এ গুলো গভীর সাগরে জালে আটকে বা ট্রলারের সাথে ধাক্কা লেগে মারা যেতে পারে। ডলফিন দু’টিকে মাটি চাপা দেয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ডলফিন দু’টি পচন ধরেছে। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন। তবে রাজ কাকড়ার শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন লক্ষ্য করা যায়নি।

ওয়ার্ল্ডফিস ইকোফিস-২ পটুয়াখালী সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি গণমাধ্যমে বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে ছিলাম। ৭ ফুট ও ৩ ফুট দৈর্ঘ্যের ডলফিন দু’টি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে আমাদের ব্লু-গার্ড সদস্যরা মাটি চাপা দিয়েছে।

তিনি মৃত্যুর কারণ হিসেবে জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে ডলফিন সমুদ্রে অবাধে খেলা করতো। এখন তাদের বড় সমস্যা গভীর সমুদ্রে পাতা জেলেদের জাল। এ ডলফিন দু’টি জালে জড়িয়ে মারা যেতে পারে বলে ধারণা করছেন তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সৈকতে যে ডলফিন দুটি ভেসে এসেছে তা ইরাবতি প্রজাতির। আর কাকড়ার নাম রাজ কাকড়া। মূলত প্রজনন মৌসুমে এসব কাকড়া তীরবর্তী এলাকায় আসে।

এর আগেও কুয়াকাটা সৈকতে ভেসে আসে বেশ কয়েকটি মৃত ডলফিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here