ফটিকছড়িতে আগামী ২২ চৈত্র মোতাবেক ৫ এপ্রিল অনুষ্ঠিতব্য শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৮৪তম বার্ষিক ওরশ শরীফের যাবতীয় আনুষ্ঠানিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
এ ওরসের প্রস্তুতি বিষয়ে আজ (২৫ মার্চ দুপুরে) এক প্রশাসনিক সমন্বয় সভা মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এতে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়টি উঠে আসে এবং দেশের বর্তমান প্রেক্ষাপটের কারণে সরকারের নির্দেশনা মেনে ফটিকছড়িতে সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ওরশ শরীফ উদযাপনের প্রস্তাব উত্থাপিত হলে ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ওরসের সকল আনুষ্ঠানিক কার্যক্রম স্থগিত ঘোষণা দেন।
তবে আওলাদগণ নিজ নিজ ঘরে ফাতেহা দরুদ পাঠ করতে পারবেন। কোন ধরণের জমায়েত হবে না। দেশ-বিদেশের কোন অঞ্চল থেকে কোন ভক্তবৃন্দ এবার দরবার শরীফে আসতে পারবে না। মাইক, ঢোল, যে কোন বাদ্য-বাজনা চলবে না।
৮৪ বছরের ইতিহাসে এ প্রথম মাইজভান্ডার দরবার শরীফ কর্তৃপক্ষ এবং আওলাদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি এমন জনহিতকর পদক্ষেপ গ্রহণ করলেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী আরো বলেন, এ নির্দেশনা অমান্য করলে সাথে সাথেই প্রশাসন অ্যাকশনে যাবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল অারেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। বক্তব্য রাখেন, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার, ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ, মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন মঞ্জিলের আওলাদগণ, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, ইউপি সদস্য মোঃ তৌহিদুল আলম প্রমুখ।








