Site icon CPLUSBD.COM

সোনাদিয়া দ্বীপে পর্যটকবাহী ট্রলার ডুবি: ৯৯৯ কলে উদ্ধার ১৪, নিখোঁজ ১

সোনাদিয়া দ্বীপে পর্যটকবাহী ট্রলার ডুবি

ছবি সিপ্লাসের ধারণকৃত

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলে পর্যটকবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে জাতীয় জরুরি সহায়তা ‘৯৯৯’ কল দিয়ে সহায়তা চান এক ভুক্তভোগী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে ১৪ জনকে জীবিত উদ্ধার করে।

সোমবার ৪ অক্টোবর রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মঙ্গলবার রাত ৯ টার সময় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ থাকা চকরিয়ার খুটাখালির বাসিন্দা জাফর আলমের পুত্র শাকিব হাসান নামে এক যুবক স্রোতের টানে ভেসে যাওয়া তাকে খোঁজাখোজির পরে ও সন্ধান মেলেনি বলে মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃতরা হলেন, পাশ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালি ইউনিয়নের বাঘকুম পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল গনীর পুত্র নুরুল আলম, একই এলাকার জালাল আহমদের পুত্র বেলাল, ইউছুপ জালালের পুত্র আব্দু শুক্রুর, মমতাজ আহমদের পুত্র কবির আহমদ, জালাল আহমদের পুত্র মামুনুর রশিদ, আবুল খায়ের এর পুত্র টিটু, লেয়াকত আলীর পুত্র বাবুল, শামসুল আলমের পুত্র তৌহিদ, মো আলীর পুত্র ইসমাইল, রমজানুল হকের পুত্র ইনজামামুল হক, শওকত আলীর পুত্র খোরশেদ আলম, মোহাম্মদ আলীর পুত্র আব্দুল্লাহ, আব্দুর রহিমের পুত্র মোহাম্মদ ফারুক, ইয়ার মোহাম্মদের পুত্র আসাহাব উদ্দিন।

পুলিশ জানায়, ট্রলার ডুবি হলে তাৎক্ষনিক `জাতীয় জরুরি সহায়তার ‘৯৯৯’ কল পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি ইউনিট রাত সাড়ে ১১টার দিকে ১৪ জনকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় শাকিব হাসান নামে একজন নিখোঁজ রয়েছেন। এরা সবাই চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাঘকুম গ্রামের বাসিন্দা।

উদ্ধার হওয়াদের বরাতে পুলিশ জানায়, খুটাখালীর ১৫ জন বন্ধু মিলে সোমবার সকাল সাড়ে ৯টায় ইঞ্জিনচালিত ট্রলারযোগে সোনাদিয়া দ্বীপে ভ্রমণে যান। সোনাদিয়া ভ্রমণ শেষে দুপুরে বঙ্গোপসাগরে অবস্থানরত জাহাজ দেখতে গভীর সাগরে যান। ফেরার পথে রাত ৮টার দিকে ট্রলারটি বালুর চরে আটকা পড়ে।

একপর্যায়ে সবাই মিলে আটকেপড়া থেকে ট্রলারটি ছাড়ানোর চেষ্টা চালান, তবে ভাটার টানে সাগরের মাঝখানে চলে যান। তারা প্রাণে বাঁচতে কুলে ওঠার চেষ্টা করলে খালে পড়ে যান। এরপর ৯৯৯ নম্বরে কল দিয়ে সহযোগিতা চান ভুক্তভোগীরা।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান জানান, রাতেই ঘটনার খবর পেয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধার করার সম্ভাব হয়নি।