নভেল করোনাভাইরাসের কারণের সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ মোকাবিলায় কলকাতাসহ সকল পৌর এলাকা সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতের কেন্দ্রীয় সরকারের পরামর্শক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।
রোববার (২২ মার্চ) লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে সাত দিনের জন্য এই লকডাউন কার্যকর করা হচ্ছে, পরে পরিস্থিতি বুঝে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। রাজ্যবাসীকে সুরক্ষিত রাখার তাগিদ থেকেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, রোববার ভারতজুড়ে পালিত হচ্ছে জনতা কারফিউ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ভারতে এই কর্মসূচি পালন করছে জনগণ। এছাড়াও করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের রেল যোগাযোগ।
এদিকে, ভারতের আরও ৭৫ জেলায় লকডাউন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের কর্তৃপক্ষ।

