সিপ্লাস ডেস্ক: অবশেষে আজ সোমবার ( ৯ আগস্ট) থেকে বিদেশিদের জন্য ফের চালু হচ্ছে পবিত্র ওমরাহ। করোনা টিকার ডোজ সম্পূর্ণ মুসল্লিরাই কেবল এ সুযোগ পাবেন।
রবিবার সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ।
মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যে মুসল্লিরা চলতি বছর ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাদের আবেদনের সঙ্গে অবশ্যই করোনার টিকার সনদপত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। সৌদি আরবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, জনসন অ্যান্ড জনসন ও সিনোভ্যাকের টিকা অনুমোদন রয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, মহামারীর সংক্রমণ ঠেকাতে যেসব দেশের যাত্রীদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, ওমরাহ পালনে ইচ্ছুক ওইসব দেশের মুসল্লিদেরও সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে সৌদিতে পৌঁছানোর পর সরকার অনুমোদিত কোয়ারেন্টিন কেন্দ্রগুলোয় নির্দিষ্ট সময়ে তাদের ঘরবন্দি থাকা বাধ্যতামূলক।
হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে ওমরাহ পালনে বিদেশি যাত্রীদের সৌদি প্রবেশে অনুমতির সংখ্যা তারা ধাপে ধাপে বাড়াবে। বর্তমান ৬০ হাজার থেকে এ সংখ্যা বাড়ানো হবে ২০ লাখ পর্যন্ত। হজ ও ওমরা উপমন্ত্রী আবদুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত বলেন, ‘ওমরায় সব সময়ই নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।’








