Site icon CPLUSBD.COM

সোমবার পাহাড়তলীতে ‘৩২ ধানমন্ডি এবং..’ এর প্রদর্শনী

নগরীর পাহাড়তলীর শাহাজান ফিল্ড সংলগ্ন শেখ রাসেল স্মৃতি পার্কের মুক্তমঞ্চে সোমবার বিকাল তিনটা দশ মিনিটে মঞ্চ নাটক ‘৩২ ধানমন্ডি এবং..’ এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহায়তায় খুলশী থানা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নাটকটি পরিবেশন করবে গ্রুপ থিয়েটার নাট্যাধার।

এটি হবে এই নাটকের বারোতম প্রদর্শনী। আহমেদ কবির রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও নাট্যাধারের সদস্য শারমিন সুলতানা রাশা।

এ নাটকে পাকিস্তানি শাসক কর্তৃক বাঙালি জাতির ভাষা, কৃষ্টি, সংস্কৃতির উপর নিবর্তনমূলক তথ্যচিত্র রূপায়নের পাশাপাশি ছয় দফা, স্বাধীকার, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং যুদ্ধ বিধ্বস্থ নতুন রাষ্ট্র বাংলাদেশকে গড়ে তুলতে তাঁর প্রচেষ্টা তুলে ধরা হবে।

পাশাপাশি ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে পাকিস্তানের প্রেতাত্বা ও রাজাকার বাহিনী যে রাজত্ব কায়েম করেছিল, তা ব্যর্থ করে তরুণ প্রজন্মের দেশের হাল ধরার সংকল্প দেখানো হবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মো. বাহাউদ্দিন মিরান, মাসউদ আহমেদ, তুহিন ইসলাম, আইরিণ মেজাবিন, জিসাদ জোহান, শারমিন সুলতানা রাশা, মোহাম্মদ আলী প্রমুখ।