বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন হামলায় নিহত ইরানে কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২১২ জন।
ইরানের জাতীয় জরুরি চিকিৎসা সেবা সংস্থার প্রধান পির হোসেন কুলিবান্দ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিজ শহরে অনুষ্ঠিত কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানির জানাজায় কয়েক লাখ মানুষ অংশ নেয়।
মঙ্গলবার সোলাইমানির মরদেহ কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় তার নিজের শহর কারমানে। সেখানে অনুষ্ঠিত জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। ভিড়ের কারণে শেষ শ্রদ্ধা ও দাফন অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। সবাইকে ঘরে ফেরার অনুরোধ করা হয়েছে সরকারের তরফ থেকে।
এর আগে গত সোমবার তেহরানে তার জানাজায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইমামতি করেন। সেই নামাজেও মানুষের ঢল নামে।
কাসেম সোলাইমানি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার ছিলেন। মধ্যপ্রাচ্যে জঙ্গিবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরানে আয়াতুল্লাহ খামেনির পর তাকে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।








