সিপ্লাস ডেস্ক: সৌদি আরবের জাজানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন বাংলাদেশি, ৬ জন সৌদি ও একজন সুদানের নাগরিক। তবে আহতদের নাম জানা যায় নি। খবর আল জাজিরার।
এখনো ওই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী বা ব্যক্তি। তবে সাম্প্রতিক একাধিক হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র হুতিদের দায়ী করেছে সৌদি আরব। জাজান শহরটি ইয়েমেনের সীমান্তে অবস্থিত।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, শুক্রবার বিকেলে কিং আবদুল্লাহ বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা করা হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্রের বরাত দিয়ে এসপিএ বলেছে, ড্রোন থেকে বিস্ফোরক ছোড়া হলে বিমানবন্দরের জানালা ভেঙে কয়েকজন আহত হয়।
এরপর শনিবার ভোরে দ্বিতীয় বিস্ফোরকবাহী ড্রোনটি ধ্বংস করা হয়। তবে আঘাত বা ক্ষয়ক্ষতির কোনো বিবরণ দেওয়া হয়নি।

