খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে মহামারী করোনা ও সড়ক দুর্ঘটনাসহ নানা ব্যাধিজনিত কারণে গত দু’বছরে অন্তত মারা গেছে ৩ হাজার ৪৩৭ জন প্রবাসী বাংলাদেশি।
সৌদি আরবের বিভিন্ন স্থানে ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত দু’বছরে এসব প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
দেশটির জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাম্প্রতিক সময়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ প্রতিবেদন অনুসারে, যারা মারা গেছেন তাদের মধ্যে ২ হাজার ৪৪৮ জনকে পরিবারের অনুমতিসাপেক্ষে সৌদিতে দাফন করা হয়েছে। বাকি ৯৮৯ জনের মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।
অর্থবছর হিসাবে ২০১৯-২০ সালে সৌদি আরবে এক হাজার ৬৯৬ জন বাংলাদেশি মারা গেছেন। পরের অর্থবছর, অর্থাৎ ২০২০-২১ সালে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৪১ জনের।
সৌদি আরবে সর্বমোট ১৩টি প্রদেশের সাতটিতে থাকা বাংলাদেশিরা জেদ্দা কনস্যুলেটের সেবা নিয়ে থাকেন।
পশ্চিমাঞ্চলের এ সাতটি প্রদেশের বিভিন্ন এলাকায় প্রায় সাত লাখ বাংলাদেশি থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদ-বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, বর্তমানে প্রায় ২২ লাখ ৮ হাজার বাংলাদেশি গোটা সৌদি আরবে আছেন।
জানা যায়, ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৫৫৬ বাংলাদেশি প্রবাসী করোনায় আক্রান্ত মারা গেছে বলে কনস্যুলেটে নথিভুক্ত হয়েছে।








