Site icon CPLUSBD.COM

‘স্কুলে এসে করোনা আক্রান্ত হওয়ার প্রমাণ মেলেনি’

সিপ্লাস প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, স্কুল খোলার পর দেশের কয়েকটি স্থানে কয়েকজন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে স্কুলে এসেই যে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হয়েছে তার সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি। তবে যেসব জায়গায় শিক্ষার্থীদের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ (২৪ সেপ্টেম্বর) শুক্রবার, ব্রিটিশবিরোধী আন্দোলনে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ইউরোপীয়ান ক্লাবে প্রীতিলতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, করোনা সংক্রমণ শিক্ষার্থীরা ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়া কারণে হয়েছে, এটার কোনো সত্যতা বা প্রমাণ এখনো পর্যন্ত নেই। শিক্ষার্থীরা স্কুলে না গেলেও আত্মীয়স্বজনের বাসায়, বিনোদনের জায়গায় সবখানেই যাচ্ছিল। সুনির্দিষ্ট কিছু জায়গায় দেখেছি শিক্ষার্থীরা করোনা আক্রান্ত হয়েছে। আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।