Site icon CPLUSBD.COM

‘স্পিরিট’ পানে ৪ জনের মৃত্যু

সিপ্লাস ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে ‘স্পিরিট’ পানে চারজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।

বুধবার ভোরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় বলে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান।

মৃতরা হলেন- বিরামপুর পৌর শহরের মাহমুদপুর গ্রামের আব্দুল মতিন (২৭), আজিজুল ইসলাম (৩৩), মহসীন আলী (৩৮) ও ও মঞ্জুআরা (৩৮)।

এ ঘটনায় অমৃত (৩৪) ও সাত্তার (৩৯) নামে আরও দুইজনকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মনিরুজ্জামান বলেন, “অ্যালকোহল জাতীয় কিছু পান করে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানে তাদের মৃত্যু হয়। কোথা থেকে তারা সেটা সংগ্রহ করেছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।”

তবে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, মৃত ও অসুস্থরা সবাই ‘রেকটিফায়েড স্পিরিট’ পান করেছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা।

৯৫ শতাংশ ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণকে বলা হয় রেকটিফায়েড স্পিরিট । পানের অযোগ্য করার জন্য রেকটিফায়েড স্পিরিটের সঙ্গে ১০ শতাংশ মিথাইল অ্যালকোহল এবং কিছু রাসায়নিক মেশানো হয়। তখন একে বলে মেথিলেটেড স্পিরিট।

মৃত চারজনের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।