নিউজটি শেয়ার করুন

স্বজনহারানোর বেদনা কী! মাননীয় প্রধানমন্ত্রী আপনি বুঝবেন’

সিপ্লাস ডেস্কঃ হৃদয়ভারাক্রান্ত একটি স্ট্যাটাস দেয় ছাত্রদল নেতা মীর সাদেক অভির স্ত্রী মীর ফারিয়া সুলতানা অহনা । চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মীর সাদেক অভি হত্যার সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে এ স্টাটাস দেন তিনি ।

রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক আইডিতে একটি স্টাটাস দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি তিনি এ আকুতি জানান।

গত ১৫ জুন নগরীর আগ্রাবাদ এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মৃত্যুবরণ করেন মীর সাদেক অভি।

এরপর গত ২ জুন দুপুর থেকে ৩ জুন ভোররাত পর্যন্ত নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকা, আকবরশাহ এলাকা ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে অভি হত্যার সাথে জড়িত চার ভাই মো. বাবু (২৫), মো. তুহিন (২২), মো. টিটু (৩০) ও মো. ইব্রাহীম মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায় , তারা ডবলমুরিং এলাকার হাজিপাড়ার মো. কামালের সন্তান। গ্রেপ্তার চারজনের মধ্যে ইব্রাহিম মুন্না ছাড়া বাকি তিনজন মৃত্যুর আগে মীর ছাদেক অভির দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, ইব্রাহিম মুন্না এজাহারভুক্ত আসামি না হলেও ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে তদন্তে উঠে এসেছে। যার কারণে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ফেসবুকে দেওয়া স্টাটাসে অভির স্ত্রী মীর ফারিয়া সুলতানা অহনা লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। গত ১৫ জুন আমার স্বামী মীর সাদেক অভি চট্টগ্রামের আগ্রাবাদ হাজীপাড়ায় মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় উক্ত মাদকসেবীরা আমার স্বামীকে নির্দয়ভাবে ছুরিকাহত করে। আমার স্বামী ১০দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৪ জুন চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে যায়।’

অহনা লিখেছেন, ‘আপনিও স্বজনহারা একজন মহিলা। আপনি বুঝতে পারবেন স্বজনহারানোর বেদনা কী! আমি কী দিয়ে সান্তনা দেব নিজেকে আর আমার এই মাসুম বাচ্চাটিকে? আমি আপনার কাছে করুণ মিনতি করছি আমার স্বামীর হত্যাকারীদের যেন সুষ্ঠু বিচার হয়।’

এ হত্যাকাণ্ডের পেছনে যদি কোন মাদকের গডফাদারের হাত থাকে তাকেও যেন বিচারের আওতায় আনা হয়- সেই আকুতিও প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছেন নিহত অভির স্ত্রী মীর ফারিয়া সুলতানা অহনা।