মইদুল ইসলাম নামের এক স্থপতির নাম, স্বাক্ষর ও সনদ জালিয়াতি করে ভবনের নকশার আবেদন করার অপরাধে ভুয়া স্থপতিকে আটক করে পুলিশে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ওই ব্যক্তিকে উত্তরা (পূর্ব) থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আতিকুর রহমান।
তিনি জানান, আটক ওই ব্যক্তি নিজেকে স্থপতি মইদুল ইসলাম হিসেবে দাবি করেছিলেন। তবে তার প্রকৃত নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে উত্তরা (পূর্ব) থানায় একটি মামলা করা হয়েছে।
তিনি বলেন, রাজউকে এখন নকশা অনুমোদনের কাজটি করা হয় অনলাইনে। রাজউকে কোনো নকশা অনুমোদনের জন্য আবেদন করা হলে আবেদনকারী ও স্থপতিকে এসএমএস করে জানিয়ে দেয়া হয়। এমন অবস্থায় গত মাসের শুরুতে এটি নকশা জমা পড়ার এসএমএস পান স্থপতি মইদুল ইসলাম। এসএমএস পাওয়ার পর তিনি রাজউকে অভিযোগ করেন যে তিনি ওই নকশা তিনি করেননি। এরপর তদন্তে নেমে রাজউক প্রমাণ পায় যে অভিযুক্ত ব্যক্তি (বর্তমানে আটক) স্থপতি মইদুল ইসলামের নাম, স্বাক্ষর ও মোবাইল নাম্বার জালিয়াতি করে নকশার জন্য আবেদন করেছিলেন।
এরপর বিকেলে অভিযুক্ত ব্যক্তিকে উত্তরায় রাজউকের জোন-২ এর কার্যালয়ে ডাকা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই ব্যক্তি জালিয়াতির বিষয়টি স্বীকার করেন ।এরপর তাকে পুলিশে দেয়া হয়।

