Site icon CPLUSBD.COM

স্বাক্ষর জালিয়াতি: এবার সেই রবিউলের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের তদন্তে কমিটি গঠন

সিপ্লাস প্রতিবেদক: হাজিরা খাতা্য় স্বাক্ষর জালিয়াতির অভিযোগে পটিয়ায় টিকা কেলেঙ্কারীতে অভিযুক্ত সেই রবিউল ইসলামের স্ত্রী কুলসুমা আক্তারের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

কমিটিকে আগামী ২ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার(১১ আগস্ট) পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. প্রবাল চক্রবর্তীকে প্রধান করে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাদিয়া আক্তারকে কমিটির সদস্যসচিব এবং আশিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. রাজীব দে’কে সদস্য করা হয়েছে।

এর আগে গত ৮ আগস্ট চট্টগ্রামের সিভিল সার্জন স্বাক্ষরিত এক চিঠিতে তদন্ত কমিটি করার নির্দেশনা দেয়া হয়।

উল্লেখ্য পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রবিউল হোসেনের বিরুদ্ধে অনুমতি না নিয়ে টিকা কার্যক্রম পরিচালনা করার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার স্ত্রী স্বাস্থ্য সহকারী কুলসুমা আকতার অনুপস্থিত থাকলেও রবিউল নিজেই হাজিরা দিয়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়।