সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণসহ (তৃতীয় ধাপ) গুরুত্বপূর্ণ চারটি প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশনা দিয়ে বলেন, আমি চাই এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজকের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন করছে এমন প্রকল্পগুলোর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। বাকি তিন প্রকল্প হচ্ছে- অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প, মুজিবনগর স্বাধীনতা যুদ্ধ স্মৃতি কমপ্লেক্স প্রকল্প এবং ৩৬০ ডিগ্রি প্যানোরোমা বাংলাদেশ প্রকল্প।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মু্ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই-এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি প্রকৌশলী এ এস এম আমিনুর রহমান প্রমুখ।








