নিউজটি শেয়ার করুন

স্বাভাবিক হয়ে উঠেছে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক, সরানো হয়েছে সেই দেয়াল

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের সেই দেয়াল সরানো হয়েছে। এরপর হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে।

রবিবার (২৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীনের নেতৃত্বে মহাসড়কের উপর দেওয়া হেফাজতপন্থী মাদ্রাসা ছাত্রদের সেই ইটের দেয়াল সরানোর কাজ শুরু করে। মেরামত করা হয় খোঁড়া সড়কের। এরপর রাত ১০টার দিকে স্বাভাবিক হয়ে উঠে সড়কে যান চলাচল।

হাটহাজারী উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, দেয়াল তুলে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে রাখে হেফাজতপন্থী মাদ্রাসা ছাত্ররা। সড়কের ওপর বাঁশের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা।

শনিবার (২৭ মার্চ) সকাল থেকে পুনরায় মাদ্রাসাছাত্ররা সড়কটি অবরোধ করে রাখে।

এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। হাটহাজারী, রামগড়সহ এই পথ দিয়ে চলাচল করা মানুষকে চরম বিপাকে পড়তে হয়েছে। বিকল্প পথ দিয়ে সবাইকে যাতায়াত করতে হয়। শুক্রবার আড়াইটা থেকে চলাচলের গুরুত্বপূর্ণ এ পথটি বন্ধ থাকে।

এ ছাড়া হাটহাজারী এলাকার প্রধান সড়কের দোকানপাটও বন্ধ থাকে। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করে একধরনের আতঙ্ক।