সিপ্লাস ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে বোমা তৈরির কারিগর স্বামী বক্কর (২৭) ও তার স্ত্রী মধুবালা ওরফে মধু (২৪) আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে বক্কর ও তার স্ত্রী মধু আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এলাকার লোকজন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিলগাথুয়া গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে বক্কর ও তার স্ত্রী মধুবালা নিজ বাড়িতে বোমা তৈরি করছিলেন। এ সময় একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হলে বক্কর ও মধুবালা গুরুতর আহত হয়। বোমা বিস্ফোরণের সময় বক্করের ঘরের টিনের চালা উড়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশারফুজ্জামান মুকুল মাস্টার জানান, বিলগাথুয়া গ্রামের নিজ বাড়িতে বক্কর ও তার স্ত্রী মধুবালা ওরফে মধু বোমা বানানোর সময় একটি বোমার বিস্ফোরণ ঘটলে তারা আহত হয়। আহতদের মধ্যে বক্করের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

