Site icon CPLUSBD.COM

স্বাস্থ্যবিধি না মানায় বন্দরনগরীতে ২৪ মামলায় ৩৭৪০০ টাকা জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: বন্দর নগরী চট্টগ্রামে করোনা সংক্রমণ প্রতিরোধে নিয়োজিত জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ২৪ মামলায় ৩৭৪০০ টাকা জরিমানা করেছে।

শনিবার(২২মে) ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহানগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত চালান।

এ সময় স্বাস্থ্য বিধি সঠিকভাবে প্রতিপালন না করায় এবং সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান , রেস্টুরেন্ট এবং শপিং মলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সাধারণ মানুষ কে স্বাস্থ্য বিধি প্রতিপালনে সচেতন করা হয়। এছাড়াও জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ হইতে মাস্ক বিতরণ করা হয় ।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক মহানগরীর কোতোয়ালি সদরঘাট ও ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনা করার সময় ৪ টি মামলা দায়ের করে ১৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন নগরীর চান্দগাও ও পাচলাইশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ৩ টি মামলা দায়ের করে মোট ১৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন খুলশী, বায়েজিদ, সদরঘাট ও কাজির দেউড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ টি মামলা দায়ের করে ১০৩০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস মহানগরীর হালিশহর, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ৮ টি মামলা দায়ের করে ২৩৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন নগরীর চকবাজার ও বাকলিয়া এলাকায়, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া হক নগরীর ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন স্বাস্থ্য বিধি প্রতিপালন নিশ্চিত করতে ।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধ করার লক্ষ্যে নগরীতে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষ যেন স্বাস্থ্য বিধি প্রতিপালন করে সে লক্ষ্যে মহানগরীর গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।