Site icon CPLUSBD.COM

স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই গেলেন রাষ্ট্রপতি

সিপ্লাস ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন তার সহকারী প্রেস সচিব মো. ইমরানুল হাসান।

এর আগে প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন,  দুবাইয়ের আমেরিকান হাসপাতালে রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

সফর শেষে ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে জানান প্রেস সচিব।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের শার্জ দ্য আফেয়ার্স, তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৭৬ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হত। রাষ্ট্রপতি হওয়ার পর সিঙ্গাপুরের পাশাপশি লন্ডনেও স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা করাচ্ছেন তিনি।

সর্বশেষ গত মার্চ মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন আবদুল হামিদ।