Site icon CPLUSBD.COM

স্বাস্থ্য বিধি মেনে আদালত চালুর দাবিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মানববন্ধন ও সমাবেশ

সিপ্লাস প্রতিবেদক: অনুদান কিংবা প্রণোদনা নয়, চট্টগ্রামে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর দাবি জানিয়েছে আইনজীবীরা।

বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১ টায় কোর্টহিল এলাকার সোনালী ব্যাংকের সামনে চট্টগ্রাম আইনজীবী সমিতির এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবী জানানো হয়।

মানববন্ধনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আমরা কোনো অনুদান কিংবা প্রণোদনা চাই না। আইনজীবীরা নিজের শ্রম দিয়ে মানুষদের ন্যায্য বিচার পাইয়ে উপার্জন করতে চায়। কাঁচের দেয়ালে আর এসি রুমে বসে প্রধান বিচারপতি ও আইনজীবী ভার্চুয়াল কোর্টের ঘোষণা দিয়ে বসে থাকলে হবে না। আপনারা এসি রুমে বসে থাকুন। কিন্ত বাংলাদেশের সব জেলার আর কোনো কোর্টের আইনজীবীরা ভার্চুয়াল কোর্ট পরিচালনা করবে না।

তিনি আরো বলেন, আদালত বন্ধ করে দেশের কোনো গণতান্ত্রিক সরকার চলতে পারে না। তাই অতি দ্রুত নিয়মিত আদালত চালু করে দিতে হবে।

এসময় অন্যান্য আইনজীবীরা তাদের বক্তব্যে বলেন, অনতিবিলম্বে ভার্চুয়াল কোর্ট বন্ধ করে নিয়মিত আদালত খুলে দিয়ে আইনজীবীদের বাঁচার সুযোগ করে দিতে হবে। আর যদি আইনজীবীদের দাবি মেনে না হয়। তাহলে আইনজীবীরা কঠোর আন্দোলন দিয়ে মাঠে নামতে বাধ্য হবে।

তারা বলেন, করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সাড়ে তিন মাসের বেশি সময় ধরে সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতে নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে। তবে জরুরি বিষয়াদি ও জামিন শুনানি চলছে ভার্চুয়াল কোর্টে। কিন্তু অনলাইন প্লাটফর্মে আদালত কার্যক্রমে যুক্ত হতে পেরেছেন মাত্র ১২ থেকে ১৫ শতাংশ আইনজীবী।

বাদবাকি আইনজীবীরা বিচার কাজের বাইরে থাকায় ক্ষোভও প্রকাশ করেছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক এবং সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন,সহ-সভাপতি আলী আশরাফ চৌধুরী,আবদুল আলম মামুন,সৈয়দ আনোয়ার হোসেন,সাবেক সভাপতি ইফতেখার সাইমুম চৌধুরী প্রমুখ।