রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ বাচাশাহ সড়ক। এই সড়ক পথে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সম্প্রতি উন্নয়ন করা হয়েছে।
তবে সড়কের গোচরা এলাকায় নির্মিত একটি বক্স কালভার্টের দুই পাশের এপ্রোচ অংশের বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পোহাচ্ছিল মানুষ। অল্প বৃষ্টিতেই সড়কের এই অংশে জলকাদায় একাকার হয়ে যায়। এতে এই সড়কপথে চলাচলকারী যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষকেও ভোগান্তি পোহাতে হচ্ছিল।
তবে সড়কের এই বেহাল অবস্থায় সংস্কারে এগিয়ে আসেন স্থানীয়রা।
রোববার (৪ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ৭/৮ জন যুবক স্বেচ্ছাশ্রমে কাজ করে সড়কটি সংস্কার করেন।
এসময় নিজেদের উদ্যোগেই আনা হয় ইট, বালি ও পাথর এবং নিজেরাই এসবের সাহায্যে বক্স কালভার্টের দুই পাশের প্রায় এক ফুট অংশ ভরাট করে সংস্কার করে দেওয়া হয়।
সংস্কারে নেতৃত্ব দেওয়া যুবক উপজেলা মানবাধিকার কমিশনের প্রচার সম্পাদক মাস্টার আব্বাস আলী চৌধুরী মুন্না বলেন, “সড়কের সামান্য এই অংশ সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই এই স্থান দিয়ে যাতায়াত করা হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছিল। কালভার্ট থেকে এপ্রোচ সড়ক প্রায় এক ফুট পর্যন্ত নিচু হওয়ায় গাড়ি চলাচলে চরম ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছিল। সড়কের এই বেহাল দশায় সম্প্রতি শুরু হওয়া বৃষ্টিতে আরও করুণ অবস্থার দেখা দিলে আমরা এলাকার তরুণ ও যুবক শ্রেণির লোকজন একত্রিত হয়ে এটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করি এবং অবশেষে এটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসি।”








