আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বহুল প্রতীক্ষিত জাতীয় সম্মেলন আগামীকাল শনিবার। সম্মেলনের একদিন বাকি থাকলেও আমন্ত্রণ জানানো হয়নি সংগঠনটির সদ্য অব্যাহতি পাওয়া সভাপতি মোল্লা আবু কাউছার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে। তাদের সম্মেলনে দাওয়াত দেয়া হবে না বলে জানিয়েছেন দলটির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ।
সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছসেবক লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই সম্মেলনের সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রস্তুতি কমিটির সভাপতি নির্মল রঞ্জন। তিনি বলেন, জাতীয় সম্মেলনের জন্য স্বেচ্ছাসেবক লীগ শতভাগ প্রস্তুত। অতিথিদের দাওয়াত দেয়া ও মঞ্চ সাজানোর কাজও শেষ। কাউন্সিলর ও ডেলিগেটদের তালিকাও চূড়ান্ত হয়েছে। তবে, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হবে না।
সম্মেলনের তারিখ ঘোষণার পর ২৩ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। এর একদিন পর সংগঠন ও সম্মেলনের সব কার্যক্রম থেকে সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকেও বিরত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সহ-সভাপতি মতিউর রহমান মতি, আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, এ কে এম আজিম, সাজ্জাদ সাকিব বাদশা, খায়রুল হাসান জুয়েল, নাফিউল করিম নাফা, তানভীর শাকিল জয় প্রমুখ।








