নিউজটি শেয়ার করুন

স্মৃতিচারণ: এন্ড্রু কিশোর স্যারের বিকল্প নেই; হবেও না

প্রয়াত এন্ড্রু কিশোরের সাথে লেখক

এন্ড্রু কিশোর স্যারের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম্। সে দিন যেনো  একটা কালো রাত্রি যাপন করলাম। হারালাম বাংলার প্লে ব্যাক সম্রাটকে, হারালাম অভিভাবককে। এখনও বিশ্বাস করতে পারছি না! তাই শোক প্রকাশ করতেও পারছি না। বুক ফাটা কষ্ট বয়ে বেড়াচ্ছি এখনো।

গত বছর এন্ড্রু কিশোর স্যারের সাথে আমার একটি ডুয়েট গান রেকর্ড হয় এবং সেটি মডেল দারা মিউজিক্যাল ফিল্ম হয়। গানটির গীতিকার শ্রদ্ধেয় মিলন খান ভাই। সুর ও সংগীত এসডি আকাশ জোয়ারদার। রেকর্ডিস্ট পিয়াল হাসান ভাই এবং ফিল্মটির ভিডিও পরিচালনায় ছিলেন কিশোর রাব্বানী।

গত বছরের ২০ জুলাই গানটির ফাইনাল ভয়েস দেই স্যারের সাথে। তার আট-দশ দিন পর চিকিৎসার জন্য উনি সিঙ্গাপুর যান। কথা ছিল সুস্থ হয়ে ফিরে এলে স্যারের সাথে স্টুডিও ভার্সন ভিডিও করা হবে। কারণ, আজকাল সবাই গানের সাথে শিল্পীকে দেখতে চান। সেটা এখন দু:স্বপ্ন। তবে এন্ড্রু কিশোর স্যারের সাথে গান করে ফেমাস হবো সেটা বড় ইচ্ছে নয়। ছোট বেলা থেকে উনার অন্ধ ভক্ত ছিলাম। তাকে কাছ থেকে দেখবো; সান্নিধ্য পাবো এটাই ছিল বড় চাওয়া।

গানটি রিলিজ হয় আগস্টের ১৮ বা ১৯ তারিখ সম্ভবত এবং এটাই স্যারের জীবনের শেষ রেকর্ডিং, শেষ গান। ‘তোমার মনের জমিনে একটি বাড়ি বানাবো, সেই বাড়িতে আমি শুধু একা থাকবো, খুব ভালো বাসবো তোমায়, খুব ভালো বাসবো।’

এক দিনে হাজার দিনের স্নেহ ও শিক্ষা ভালোবাসা পেয়েছি। স্যারের সাথে একটা স্মৃতি আছে; এটা যেমন সৌভাগ্য, তেমনি কাছে পেয়েও হারালাম, এটা অনেক দুর্ভাগ্য এবং দুঃখজনক। পরিচয় না হলেই ভালো থাকতাম হয়তো। এখন যেই কষ্ট পাচ্ছি এবং সারা জীবন এই কষ্টটা বয়ে বেড়াতে হবে; অন্তত এটা হতো না।

নিয়ম মতো একদিন সবাই যাবো। কিন্তু কিছু নিয়ম মানতে কষ্ট হয়। উনার বিকল্প নেই; হবেও না। স্যার যেন স্বর্গবাসী হোন; আল্লাহর কাছে এটাই চাওয়া।

লেখক: শাহীন রহমান, সঙ্গীত শিল্পী