Site icon CPLUSBD.COM

লরি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই যন্ত্রশিল্পী নিহত

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে লরির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যন্ত্রশিল্পী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

নিহতরা হলেন- পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। তারা দুইজনই একটি ব্যান্ড দলের সদস্য বলে জানা গেছে।

শনিবার (১৩ মার্চ) ভোরে মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার নাহার এগ্রোর সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, নাহার এগ্রোর সামনে ইউটার্নে ঢাকাগামী একটি লরি দ্রুত বেগে চট্টগ্রামমুখী রাস্তায় ঢুকে পরে। এতে ঢাকা থেকে আসা যন্ত্রশিল্পীদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই পার্থ প্রতীম নামে একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে হানিফ নামে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।