রাঙ্গুনিয়ায় সড়ক সংষ্কারের বাধা ও ইউপি চেয়ারম্যানের দুই ছেলেসহ ৪ জনকে মারধরের অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান।
শনিবার (১৪ মার্চ) সকালে বেতাগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হাজী নুর আহাম্মদ সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। মারধরে আহত ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ও একজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বেতাগী ইউপি চেয়ারম্যান নুর কুতুবুল আলম বাদী হয়ে মামলা করবেন।
বেতাগী ইউপি চেয়ারম্যান নুর কুতুবুল আলম বলেন, বেতাগী নুর আহম্মদ সড়কের সংষ্কার কাজ করার সময় শ্রমিকদের কাজে বাধা দেয় রাজীব আবদুল্লাহ স্থানীয় ৮ যুবক। এই সময় উপস্থিত তাঁর পুত্র জাহেদুল আলম মুরাদ (১৯) প্রতিবাদ করলে তাঁকে ও শ্রমিক মোহরম মিয়া (৫০) কে মারধর করতে থাকে তাঁরা। খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের বড় ছেলে নওশাদুল আলম মুন্না (২৬) ও প্রতিবেশী মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক (৭০) ঘটনাস্থলে গেলে তাঁদেরও মারধর করা হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাঈল হোসেন বলেন, “ মারধরের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ঘটনার তদন্ত চলছে। ”








