সিপ্লাস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই যারা এ বছর হজ পালনের পরিকল্পনা যারা নিয়েছেন, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুদিন অপেক্ষা করতে বলেছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী।
মঙ্গলবার (৩১ মার্চ) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য প্রচারিত হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
হজ গমনেচ্ছুদের করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে আরও স্পষ্ট বার্তা পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন সৌদি মন্ত্রী।
সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সৌদি কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওমরাসহ হজ পালন স্থগিত করেছে। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় সৌদি আরব।
প্রতিবছর বিশ্বের নানা দেশের ২৫ লাখের মতো মুসলমান সৌদি আরবে গিয়ে হজব্রত পালন করেন। ইসলামের দুই পবিত্র স্থান মক্কা ও মদিনায় হয় হজের আনুষ্ঠানিকতা।
এবার নভেল করোনাভাইরাস মহামারীতে সৌদি আরবও আক্রান্ত। দেশটিতে এই পর্যন্ত দেড় হাজারের মতো রোগী ধরা পড়েছে, তার মধ্যে ১০ জনের মৃত্যু ঘটেছে।

